ভারত নিউজ – দেশের বড় ধরনের বিপর্যয়ে কোনওরকম ইগো বা ছুঁৎমার্গ না রেখে সেনাকে ডাকা দরকার আর সেটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ডাকা দরকার। রাজ্য সরকার বা অন্য কোনও সংস্থা অদক্ষ ব্যাপারটা তা নয় এক্ষেত্রে পরিকাঠামোগত, সংখ্যাধিক্য, পেশাগত দক্ষতার একটা ব্যাপার থাকে। ভারতীয় সেনাবাহিনী সারা বিশ্বের বৃহৎ সেনাবাহিনীগুলির প্রায় কাছাকাছি। ভারতীয় সেনাবাহিনী জলে-স্থলে অন্তরীক্ষে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে।

ঘূর্ণিঝড়ের পর গাছ সরাচ্ছে সেনা ।

সেনাবাহিনীতে শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে দৃঢ় যুবকদের নিয়োগ করা হয়। প্রশিক্ষণের সময় তাদের আরোও ক্ষিপ্র ও কার্যকরী করে তোলা হয়। তাদের কর্মক্ষেত্রটা পাহাড়-জঙ্গলে বা হিমবাহে। যেকোনো প্রতিকূল পরিবেশে তারা সমস্যার সম্মুখীন হতে পারে। সেই সঙ্গে সেনাবাহিনীর রয়েছে উন্নত পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি যা অন্য কোনও দপ্তরের হাতে এত সংখ্যক নেই। পুরসভা, কর্পোরেশনের মূল কাজ নাগরিক পরিষেবা দেওয়া। প্রাকৃতিক বিপর্যয় হলে দ্রুত সামাল দেওয়া তার আয়ত্তে নেই। অপরদিকে একটা সীমিত জায়গায় বিপর্যয় হলে দমকল উদ্ধার করতে পারে কিন্তু জেলার পর জেলা বিপর্যস্ত হয়ে পড়লে সামাল দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই কোন বিপর্যয় এর আগাম পূর্বাভাস পেলে যেকোনো প্রশাসনের সেনার সঙ্গে আগাম একটা আলোচনা করে রাখা দরকার এবং বিপর্যয় হওয়ার সঙ্গে সঙ্গে যত বেশি সম্ভব সেনাকে ঘটনাস্থলে নামিয়ে দেওয়া দরকার। স্থানীয় প্রশাসন সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এটাকে অক্ষমতা, অপারদর্শিতা, ইগোর লড়াই হিসেবে দেখলে মানুষকে তার ফল ভোগ করতে হবে। একটা খুব সাধারণ বিষয় দেশের স্থল, নৌ ও বিমানবাহিনীর মিলিত ক্ষমতা অপ্রতিরোধ্য। সেই ক্ষমতাকে জরুরী অবস্থায় ব্যবহার করা গেলে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া যায়। একটা লোকাল বডির ক্ষমতা সীমিত। যেকোনো পরিস্থিতি বুঝতেই তার দুই তিন দিন সময় চলে যায়। তারপরে প্ল্যানিং করতে হয়। আর সেনাবাহিনী এই সমস্ত কাজ করে থাকে তারা খুব অল্প সময়ের মধ্যেই ব্লুপ্রিন্ট বানিয়ে নেয়। কলকাতার রাস্তাঘাট পরিষ্কার এর ক্ষেত্রে সেনাবাহিনী মনিপুরের জঙ্গল পরিষ্কার এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছিল। সেনাবাহিনী প্রয়োজনে আকাশপথে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে নকশা বানিয়ে নিতে পারবে। সেনাবাহিনীর একতা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও আদর্শ রয়েছে যা যেকোনও কাজে সাফল্য এনে দেয় তাই দেশের অভ্যন্তরীণ সমস্যা বা বিপর্যয়ে সময় বিলম্ব না করে সেনা বা আধাসেনা মাঠে নামিয়ে দেওয়া দরকার।