ভারত নিউজ – উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করার জন্য তিনটি তারিখ নির্ধারিত হয়েছিল। একটু অদল-বদল করে পুনরায় জুলাই মাসের প্রথম দিকে তিনটি তারিখ নির্ধারিত হয়েছে। কিন্তু বারবার প্রশ্ন উঠছে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা করা যাবে তো, জমায়েত এড়ানো যাবে তো, সংক্রমণ হবে না তো। সেজন্য শিক্ষা সংসদ সিদ্ধান্ত নেয় আরো বেশি সংখ্যক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করানো হবে এবং পরীক্ষার্থীদের যথাসম্ভব বাড়ির কাছে পরীক্ষা সেন্টার করা হবে।

পরীক্ষার হলে আগের তুলনায় কম সংখ্যক পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা করা হবে। তবে, এক্ষেত্রে পর্ষদ একটু অন্যভাবে পরীক্ষার রুটিন করতে পারত ও দিনগুলি নির্ধারিত করতে পারত। উচ্চমাধ্যমিকে বিভিন্নজনের বিভিন্ন বিষয় থাকে। একই দিনে তিন চারটি বিষয়ের পরীক্ষা হয়ে থাকে। একটি আর্টসের বিষয়ের সাথে একটি সায়েন্সের বিষয়। আবার আর্টসের বিষয়ভিত্তিক সেট থাকে। সেক্ষেত্রে একই দিনে আর্টসের দুটো বিষয়ের পরীক্ষা থাকতে পারে। তার সাথে কমার্স এর বিষয় থাকতে পারে। একই দিনে তিনটি চারটি বিষয়ের পরীক্ষা না নিয়ে একটি বা সর্বোচ্চ দুটি বিষয়ের পরীক্ষা নিলে একই দিনে পরীক্ষার্থীদের জমায়েত অনেকটাই কম হতো এবং সামাজিক দূরত্ব বজায় থাকতো কারণ পরীক্ষার্থীদের সাথে একজন বা দুজন অভিভাবক – অভিভাবিকা থাকেন। এতে রাস্তাঘাটে, যানবাহনে ভিড় অনেকটাই কম হবে, পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের জমায়েত কম হবে। শুধু পরীক্ষার দিন সংখ্যা তিনের পরিবর্তে একটু বেশি করতে হবে । যেমন, এডুকেশন এর সঙ্গে রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি আবার সংস্কৃতের সঙ্গে রয়েছে রসায়ন এবং কয়েকটি ছোট সাবজেক্ট , ভূগোলের সঙ্গে কয়েকটি ছোট ছোট সাবজেক্ট। এক্ষেত্রে একই দিনে দুটি বড় সাবজেক্ট থাকলে সেগুলোকে আলাদা দিনে করে দিতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ ছাড়াও দেশের অন্যান্য হায়ার সেকেন্ডারি বোর্ডগুলিও এই পন্থা অবলম্বন করলে একই দিনে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ভিড় এড়ানো সম্ভব হবে ।