ভারত নিউজ, পাঁশকুড়া – পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এক শিক্ষক নিজের কন্যা প্রকৃতি’র অন্নপ্রাশনএ অনুষ্ঠানের পরিবর্তে পাঁচশো চারাগাছ বিলি করলেন। শিক্ষকের নাম মহাদেব মান্না। তিনি দাসপুরের পাঁচবেড়িয়া হাইস্কুলের বাংলার শিক্ষক। লকডাউন, সংক্রমণ প্রভৃতি কারণে অন্নপ্রাশনে বড় ধরনের অনুষ্ঠান বা জমায়েত করা যাবেনা তাই মহাদেববাবু এবং তাঁর স্ত্রী মুনমুন সিদ্ধান্ত নেন চারাগাছ বিলি করার। মেয়ের নাম প্রকৃতি তাই এই ধরনের উদ্যোগ নিলে মেয়ের নামের সাথে সেটা মানানসই হবে।

আজ পাঁশকুড়া ব্রার্ডলি বার্ট হাই স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচশো চারাগাছ লাগানোর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সাধন চন্দ্র ঘোষ, বিদ্যালয়ের শিক্ষারত্ন শিক্ষক মানস কুমার দাস, এলাকার প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন দাসঠাকুর, পাঁশকুড়া থানার অফিসার ইনচার্জ, স্থানীয় কাউন্সিলর প্রমুখ।

উল্লেখ্য, আমফান ঘূর্ণিঝড়ে কয়েক লক্ষ গাছ নষ্ট হয়েছে তাই এই মুহূর্তে প্রকৃতিকে ও পরিবেশকে বাঁচাতে প্রত্যেককে গাছ লাগানোর জন্য এগিয়ে আসতে হবে। আগামী দিনে বিশুদ্ধ অক্সিজেন ও ভূমিক্ষয় রোধ করার জন্যই এই কাজে গুরুত্ব দিতে হবে।