ভারত নিউজ – জুলাই মাসের প্রথমেই হবে উচ্চ মাধ্যমিকের অবশিষ্ট পরীক্ষাগুলি। গতকাল স্কুল শিক্ষা দপ্তরের সচিব মনীশ জৈন এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছেন কনটেইনমেন্ট এলাকাগুলিতে উচ্চমাধ্যমিকের পরীক্ষা করা হবেনা অর্থাৎ পরীক্ষার্থীদের জীবন যাতে ঝুঁকির মধ্যে না পড়ে সেই জন্য এবং করোনা ভাইরাসের প্রোটোকল মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর একটি নির্দেশিকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রতি জেলাতে যারা কনভেনার রয়েছেন তাদের জানানো হয়েছে মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ এমনকি প্রাইমারি স্কুলেও উচ্চমাধ্যমিকের সেন্টার করা যাবে। তাঁদেরকে আগামী বাইশে জুনের মধ্যে সেন্টার করা যাবে এরকম স্কুলের তালিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে পাঠাতে হবে।

সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে পরীক্ষা করা যায় তাই আগের তুলনায় অনেক বেশি সংখ্যক পরীক্ষা সেন্টার করা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগে উত্তরবঙ্গের একটি জেলার ডি আই পুরনো পরীক্ষার সেন্টারগুলির প্রধান শিক্ষকদের একটি নির্দেশিকা দিয়ে শিক্ষক-শিক্ষিকারা কোথায় রয়েছেন সে বিষয়ে জানাতে বলেছিলেন এবং তখন অতিরিক্ত ভেন্যুর কথা বলা ছিলনা ফলে মনে করা হয়েছিল হয়তো ভেন্যু অপরিবর্তিত থাকছে। গতকালের নির্দেশিকা সূত্রে স্পষ্ট হয়েছে আরো অনেক বেশি সংখ্যক স্কুলকে পরীক্ষা সেন্টার করা হচ্ছে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা করা যায়। অতিরিক্ত ভেনুর সঙ্গে অতিরিক্ত ইনভিজিলেটরের ব্যবস্থা করার কথা নির্দেশিকায় বলা হয়েছে ।