ভারত নিউজ – লকডাউনে টিউশান বন্ধ। যে সমস্ত গৃহশিক্ষক শুধুমাত্র গৃহশিক্ষকতার ওপর নির্ভরশীল তারা চরম আর্থিক সংকটে। অনেক অভিভাবক মানবিক কারণে গৃহশিক্ষকেরা পড়াতে না এলেও কিছু টাকা দিয়ে দিয়েছেন তবে অনেক অভিভাবকই কোন বেতন দেননি যেহেতু পড়াননি তাই দাবিও করতে পারেননি। তবে এর বাইরে কিছু শিক্ষক রয়েছেন যারা স্কুলে বা কলেজে স্থায়ী শিক্ষকতা করেন পাশাপাশি প্রাইভেট টিউশান করেন ।

লকডাউনে কিছুদিন অনলাইনে ক্লাস করিয়েছেন এবং হোয়াটসঅ্যাপে কিছু নোটস দিয়েছেন এরপর পুরো টাকা চেয়েছেন হয়তো তারা ব্যতিক্রমী শিক্ষক কিন্তু এরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহামারী, লকডাউন, অর্থনৈতিক মন্দায় বহু মানুষ কাজ হারিয়েছেন, অনেকে কাজ বন্ধ থাকায় বাড়ি ফিরে এসেছে তাদের সন্তানদের কাছ থেকেও স্থায়ী শিক্ষকেরা অনলাইনে সামান্য ক্লাস করিয়ে পুরো টাকা চাইছেন। অর্ধেক টাকা ছাড় দেওয়ার আবেদন জানালেও ছাত্র-ছাত্রীদের আবেদনে এই সমস্ত শিক্ষকেরা কর্ণপাত করেননি। দেশের ও মানুষের চূড়ান্ত দুর্দিনেও তারা অমানবিকতার নজির তৈরি করেছেন। অনলাইনে পুরো টাকা দিয়ে দিতে বলছেন। পাশাপাশি অনেক শিক্ষক লকডাউনে অনলাইনে পড়িয়েও কোনও টাকা নেননি। যে সমস্ত সরকারি বা বেসরকারি চাকুরীরত শিক্ষকেরা অনলাইনে সামান্য ক্লাস করিয়ে দিয়ে ছাত্র-ছাত্রীদের অনলাইনে পুরো টাকা দিয়ে দিতে বলছেন তারাই আগামী দিনে হয়তো বলে বেড়াবেন শিক্ষাব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়েছে, ছাত্রছাত্রীরা শিক্ষকদের এখন আর কোনও সম্মান দেয়না, সমাজটা রসাতলে চলে গেছে । দেশের দুর্দিনেই মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় ।