ভারত নিউজ – বর্ষা এসে গিয়েছে। ইতিমধ্যে কয়েকজন সাপের কামড়ে মারা গিয়েছেন। প্রতিবছর ভারতবর্ষে বর্ষাকালে বহু মানুষ সাপের কামড়ে দুর্ভাগ্যজনকভাবে মারা যান। সাপের কামড়ে চিকিৎসা করার সময় ও সুযোগ দুটোই খুব কম থাকে তবে বর্ষা এলে আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন, রাতের বেলায় মশারি টাঙিয়ে ঘুমোতে যেতে হবে।

অলআউট জেলে ঘুমানোর অভ্যাস দূর করতে হবে। কারণ রাতের বেলায় শুধু মশা আসেনা, সাপ, পোকামাকড় অনেক কিছুই আসে তাই নিরাপদ নিদ্রার জন্য মশারি ব্যবহার করতে হবে। বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল থাকলে পরিষ্কার করতে হবে, সন্ধ্যার সময় বাইরে গেলে হাতে টর্চ রাখতে হবে বিশেষত গ্রামীণ এলাকায়। সম্প্রতি আমফান ঘূর্ণিঝড় হয়েছে, বহু গাছপালা নষ্ট হয়ে গিয়েছে এর ফলে অনেক সাপেরও বাসস্থান নষ্ট হয়েছে তারা এখন নতুন বাসস্থান খুঁজতে গিয়ে বাড়ি বা বাড়ি সংলগ্ন ঝোপঝাড়কে আশ্রয় করেছে। তাছাড়া বর্ষায় সাপের গর্তে জল ঢুকে গেলে সাপ তখন গর্ত ছেড়ে বেরিয়ে আসে। সম্ভব হলে মাঝে মাঝে বাড়ির আশেপাশে এবং বাড়িতে সিঁড়ির নিচে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিন। সিড়ির নিচে প্রতিটি বাড়ির গোডাউন থাকে তাই ওই জায়গাটা সাপের কাছে খুব নিরাপদ জায়গা । দূর্ঘটনাবশত সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটবর্তী ব্লক হাসপাতালে যান। সাপে কামড়ানোর অ্যান্টিভেনাম সাধারণত সরকারি হাসপাতালগুলোতে সরবরাহ থাকে ।