ভারত নিউজ ( জেলার খবর) পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর – পাঁশকুড়ার ছ’নম্বর ওয়ার্ডে আয়োজিত এক রক্তদান শিবিরে রক্ত দিলেন পাঁশকুড়া এক নম্বর ডেভেলপমেন্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ধেনদুপ ভুটিয়া। পাঁশকুড়া বিডিও অফিস সংলগ্ন ত্রিবেণী সংঘ আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাঁশকুড়া এক নম্বর ডেভেলপমেন্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, খাদ্য পরিদর্শক, পুরপ্রধান নন্দকুমার মিশ্র, স্থানীয় কাউন্সিলরবৃন্দ, দন্ত চিকিৎসক ডাক্তার সহেলী সামন্তসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ত্রিবেণী সংঘ প্রতিবছর দুর্গাপুজো করে থাকে। ত্রিবেনী সংঘের উৎসব কমিটির সম্পাদক প্রাক্তন শিক্ষক কল্যাণ জানা বলেন বর্তমান মহামারী ও লকডাউন পরিস্থিতিতে চারিদিকে রক্তের হাহাকার তাই আমরা রক্তদান শিবির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে থ্যালাসেমিয়া রোগী, গর্ভবতী মহিলা এবং মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচানো অতি আবশ্যক। তিনি বলেন আমরা দেড়শো মানুষের রক্তদানের লক্ষ্যমাত্রা রেখেছি যার মধ্যে প্রায় চল্লিশজন মহিলা রক্তদান করবেন। শিবিরে সামাজিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক, হেড মাস্ক প্রভৃতি বিষয়গুলিকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি ।