ভারত নিউজ – পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত বিদ্যালয়গুলির মাধ্যমিক শিক্ষকদের সংগঠন বিজিটিএ আজ করোনা মোকাবিলায় পিএম কেয়ারে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা করল। সাংসদ দিলীপ ঘোষের মাধ্যমে একটি চেক পিএম কেয়ারে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বিজিটিএ বা ‘বৃহত্তর গ্রাজুয়েট টিচারস অ্যাসোসিয়েশন’ সংগঠনটি মাধ্যমিক শিক্ষকদের বেতন বঞ্চনাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এনিয়ে আদালত থেকে রাজপথ সর্বত্র লড়াই চলছে কিন্তু তারই মাঝে উদ্ভূত মহামারী ও আমফান প্রভৃতি সংকটে তারা নিজেদের পরিধির বাইরে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এর আগে মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে বিজিটিএ সংগঠন পাঁচ লক্ষ টাকা দান করেছিল। সেবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের মাধ্যমে এই অর্থ

মুখ্যমন্ত্রীর তহবিলে তারা তুলে দিয়েছিল। আজ বিজিটিএ সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল ও রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব সাংসদ দিলীপ ঘোষের মাধ্যমে এই অর্থ পিএম কেয়ারে তুলে দেন। এর আগে সুন্দরবন, হাওড়া, ঝাড়গ্রাম প্রভৃতি আমফান বিপর্যস্ত জেলার কিছু গ্রামে গিয়ে সরাসরি গ্রামবাসীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছিল। গতকাল বিজিটিএ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে একটি সংগঠনের রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদান করা হয়। বিজিটিএ নেতৃত্ব জানায় আমরা

সীমিত ক্ষমতার মধ্যে থেকে যতটা পেরেছি রাজ্য তথা দেশের দুর্দিনে সহায়তা করেছি। উল্লেখ্য, গত কয়েক মাসে বিজিটিএ একাধিক সামাজিক কাজসহ বিদ্যালয় বন্ধ থাকাকালীন ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ‘স্টুডেন্ট কর্নার’ নামে একটি অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করেছে ।