ভারত নিউজ(জেলার খবর), পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া স্টেশন বাজার এসবিআই ব্যাংকের একজন কর্মী করোনা আক্রান্ত। বয়স সাতচল্লিশের কাছাকাছি। এই কারণে ব্যাংকের অন্যান্য কর্মীদেরও সোয়াব টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ব্যাংকটি এবং তার নীচে এটিএম বন্ধ রয়েছে। স্থানীয় কিছু ব্যবসায়ী এবং সংস্থার কর্মীরা জানিয়েছেন ব্যাংক লাগোয়া ব্যবসায়ীদের সোয়াব টেস্ট করা হোক। তারা আরও জানিয়েছেন এখানে বহু মানুষই করোনা প্রতিরোধে যে নিয়ম-কানুন গুলি মেনে চলা দরকার সেগুলো মানছেননা। ওই কর্মী পাঁশকুড়া স্টেশন বাজারে ভাড়ায় থাকতেন যদিও ব্যাঙ্কগুলিতে এখন কর্মীরা সামাজিক দূরত্ব বজায়

রেখে গ্রাহকদের সঙ্গে লেনদেন ও কাজকর্ম করে থাকেন। উল্লেখ্য, পাঁশকুড়ার অদূরে মেচেদা ইউবিআই ব্যাংকের এক মহিলা কর্মী কয়েক মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। সেসময় ওই ব্যাংকটিও কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও নন্দীগ্রামে একটি কো-অপারেটিভ ব্যাংকের এক কর্মীও কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন। প্রায় সমস্ত ব্যাঙ্কে প্রত্যহ অজস্র গ্রাহক এসে থাকেন তাই ব্যাংকে নিয়ম-কানুন আরো কঠোর করা দরকার। প্রয়োজনে ব্যাংকের গেটে ঢোকার মুখে প্রত্যেক গ্রাহককে স্যানিটাইজড করতে হবে। উল্লেখ্য, এই পাঁশকুড়া স্টেশন বাজারেই তমলুক – ঘাটাল কো-অপারেটিভ ব্যাংকে ঢোকার মুখে প্রত্যেক গ্রাহকের হাতে স্যানিটাইজড করা হয় ।