ভারত নিউজ (জেলার পাতা), পাঁশকুড়া – পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভা এলাকায় নতুন করে দুজন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন । একজনের বাড়ি কনকপুর এলাকায়। তাঁর বয়স ৪৬ বছর। তিনি পরিযায়ী বা ভিন রাজ্যে কর্মরত ছিলেননা। জুলাই মাসের সাত তারিখে তাঁর নমুনা সংগ্রহ করা হয় এবং এগারো তারিখে রিপোর্ট আসে । আরজিকর হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগে তাঁর নমুনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। গত দু’তারিখ থেকে তাঁর জ্বর ছিল। তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁর বাড়ির তিনজন তাঁর স্ত্রী যার বয়স ৩৮ এবং দুই মেয়ে যাদের বয়স যথাক্রমে ১৯ ও ৪। পাঁশকুড়া পুর এলাকাতে অপর একজন ব্যক্তি যার বাড়ি ছ’নম্বর ওয়ার্ডে বালিডাঙ্গরিতে, বয়স ৪৫ বছর। আট তারিখে নমুনা সংগ্রহ করা হয় এবং এগারো তারিখে রিপোর্ট আসে। সেই রিপোর্ট পজিটিভ। তাঁর গত ন’দিন ধরে জ্বর, কফ ও গলা ব্যথা ছিল। তাঁরও বাইরে থেকে আসার বা বাইরে যাবার কোনও ইতিহাস নেই। তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁর বাড়ির সাতজন ।

উল্লেখ্য, এর আগে পাঁশকুড়া পুর এলাকায় ছজন করোনা আক্রান্ত হয়েছিলেন। অপরদিকে পাঁশকুড়া গ্রামীণ এলাকাতে কয়েকজন আক্রান্ত হয়েছিলেন তারমধ্যে এ পর্যন্ত পাঁশকুড়ায় মৃত একজন যিনি হাওড়ার একটি থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চৈতন্যপুর দু’নম্বর অঞ্চলে। পাঁশকুড়া স্টেশন বাজার এলাকায় রাস্তায় প্রশাসনিক তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কয়েকটি ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট জোন ঘোষণা করার পরে ৷ পাঁশকুড়া ‘ফুলের শহর’ নামে পরিচিত। শীতকালে দূর-দূরান্ত থেকে ফুলের টানে মানুষজন বেড়াতে আসেন। সেই ‘ফুলের শহর’ পাঁশকুড়া সামান্য হলেও করোনার ছোঁয়ায়  আক্রান্ত ।