ভারত নিউজ – ২০১৬ সালে প্রতিটি পঞ্চায়েতে ভি আর পি বা ভিলেজ রিসোর্স পার্সেন নামক কর্মী নিয়োগ করা হয়েছিল। বর্তমানে সংখ্যাটা প্রায় তেত্রিশ হাজার। তাদের নিয়োগের উদ্দেশ্য ছিল সামাজিক অডিট করা, যেমন – বাড়ি বাড়ি সমীক্ষা করা, ডেঙ্গু রোধে প্রচার চালানো, করোনা মহামারী চলাকালীন তারা যে সমস্ত পরিযায়ী এসেছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করা সেই সঙ্গে কোথাও কোথাও তারা স্যানিটাইজেশনের কাজও করেছিল। তারা একটি ভাতা পায়, ভাতার পরিমাণ ৩৫০০ টাকা মাসিক। তাদের দাবি এই ভাতা বৃদ্ধি করা হোক। ৩৫০০ টাকা মাসিক ভাতা হলে দৈনিক ১০০ টাকার কিছু বেশি অথচ একজন স্থায়ী বা অস্থায়ী কর্মীর মাসিক বেতন হওয়া উচিত নূন্যতম ১৮০০০ টাকা। সেই হিসেবে তারা অনেক কম পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। এই বিষয়টিকে মুখ্যমন্ত্রী মানবিকভাবে যাতে দেখেন সেটা তাদের দীর্ঘদিনের দাবি। উল্লেখ্য, এত কম বেতনে তারা মহামারীতে মুখ্যমন্ত্রীর তহবিলে সাহায্য করেছিল। তাদের বক্তব্য অন্যান্য রাজ্যে এমনকি মেঘালয়ের মত ছোট পাহাড়িয়া রাজ্যেও ভিআরপিদের ভাতা অনেক বেশি ।
