
আধার কার্ড বা নম্বর এখন বহু জায়গাতেই বাধ্যতামূলক দেখাতে হয় । আধার সেন্টারগুলি সাধারণত ব্যাংক বা পোস্ট অফিসে বা লাইসেন্সপ্রাপ্ত কোন সাইবার ক্যাফেতে হয়ে থাকে । লকডাউন এর ফলে আধারের কাজ বন্ধ হয়ে যায় । বহু মানুষ সমস্যায় পড়েছে আধারের আপডেট করাতে না পেরে , এছাড়া বাচ্চাদের জন্য আধার কার্ড করাতে হয় । নাবালকদের জন্য যে আধার কার্ড রয়েছে সেটা না করালে রেশন কার্ড করা যায়না । আধারের কিছু কাজ নিজের মোবাইলে বা কোন সাইবার ক্যাফেতে গিয়ে করা যায় কিন্তু সেটা তখনই সম্ভব যদি মোবাইল নম্বর কেউ প্রথমবার করার সময় দিয়ে রাখে কিন্তু অনেকেই প্রথম আধার কার্ড করার সময় মোবাইল নম্বর দেয়নি । আধার আপডেট করাতে গেলে নথিভূক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসে এখন বহু মানুষ চাইছেন মোবাইল নম্বর নথিভূক্ত করতে সেটা একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ স্ক্যান করেই করা সম্ভব আর সেটা একমাত্র করতে পারবে লাইসেন্সপ্রাপ্ত কেন্দ্রগুলি । সামান্য কিছু আধার কেন্দ্র আধারের কাজ করলেও অধিকাংশ কেন্দ্রগুলি বন্ধ । ফলে সমস্যায় পড়ছেন মানুষ । অবিলম্বে সরকার আধার কেন্দ্রগুলি চালু করুক । জেলা প্রশাসনকে এ বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে । উল্লেখ্য , একটি জেলার লাইসেন্স ভুক্ত আধার কেন্দ্রের তালিকা সেই জেলার জেলা শাসকের ওয়েবসাইটে আপলোড করা থাকে । আপলোড করা কেন্দ্রগুলিতে যোগাযোগ করলে জানা যাচ্ছে এখন কাজ বন্ধ রয়েছে । মানুষ প্রতিনিয়ত খোঁজ নিচ্ছে কোথায় আধার এর কাজ হচ্ছে কিন্তু আধার সেন্টারের সংখ্যাটা এই মুহূর্তে অত্যন্ত কম ।